রাজ্যে ডেঙ্গির পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও এখনই স্বস্তির জায়গা নেই। অক্টোবর ও নভেম্বর মাসকে ডেঙ্গির ক্ষেত্রে ‘হাই-রিস্ক পিরিয়ড’ হিসেবে চিহ্নিত করে জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন। আগামী দু’মাসে পরিস্থিতির উপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার নবান্ন থেকে রাজ্যের সব জেলাশাসকের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ কুমার আগারওয়াল। প্রশাসনিক সূত্রে খবর, বৈঠকে ডেঙ্গি মোকাবিলায় কোনও ধরনের শিথিলতা বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে।
বর্তমানে ডেঙ্গির প্রকোপ নিয়ন্ত্রণে থাকলেও আবহাওয়া ও পরিবেশগত পরিস্থিতির কারণে আগামী দু’মাসে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। সেই কারণেই স্বাস্থ্য, পুরসভা, পঞ্চায়েত-সহ সংশ্লিষ্ট সব দফতরকে আরও সক্রিয় ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের আধিকারিকদের শুধু রিপোর্ট সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি মাঠে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণের উপর জোর দেওয়া হয়েছে। কোথাও যাতে জল জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।
নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জমা জল চিহ্নিত করে তা সরানো, মশার লার্ভা ধ্বংস এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্নের বার্তা, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আগামী দু’মাসে নজরদারিতে কোনও ঢিলেমি দেওয়া যাবে না। জেলা প্রশাসনকে নিয়মিত পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।