আলিপুর চিড়িয়াখানায় ফের পশুমৃত্যু। পায়ে সংক্রমণের জেরে সোমবার মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চার বছরের এক অন্তঃসত্ত্বা সিংহীর। ২০২৪ সালে নন্দনকানন থেকে সিংহীটিকে আলিপুরে আনা হয়েছিল।
চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, সিংহীর পায়ে সংক্রমণ হয়েছিল এবং লোম ও চামড়া উঠে যাচ্ছিল। খাঁচাবন্দি করে তার চিকিৎসা চলছিল। রবিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিড়িয়াখানার বিপরীতে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিংহীর মৃত্যুতে আলিপুরে সিংহের সংখ্যা কমে দাঁড়িয়েছে চার। এর মধ্যে একটি পুরুষ ও তিনটি স্ত্রী সিংহ। নতুন জুটির মাধ্যমে সিংহের বংশবৃদ্ধির চেষ্টা চলছিল।
পরপর পশুমৃত্যুর ঘটনায় ফের চিকিৎসাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন পশুপ্রেমীদের একাংশ। তাঁদের অভিযোগ, সময়মতো রোগ নির্ণয় ও বিশেষজ্ঞ চিকিৎসা হলে মৃত্যু এড়ানো সম্ভব হতে পারত। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।