প্রথম পাতা খবর নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের

14 views
A+A-
Reset

কলকাতা: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মঙ্গলবার তাঁর বিরুদ্ধে থাকা ছ’টি মামলাতেই তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। ফলে জেলের বাইরে থেকেই ৬ অক্টোবরের উপনির্বাচনে প্রচার ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন মিলন।

আদালতের নির্দেশ অনুযায়ী, অন্তর্বর্তী জামিনের মেয়াদ ২১ অক্টোবর পর্যন্ত। তার পর মামলার পরবর্তী শুনানি হবে। জামিনের সঙ্গে একাধিক শর্তও দেওয়া হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

মিলনের বিরুদ্ধে থাকা মামলাগুলি মূলত ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের সময়কার। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত এবং লুটপাট-সহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

এর আগে জামিনের শুনানিতে মিলনের আইনজীবীরা জানিয়েছিলেন, নির্বাচনে লড়ার সুযোগ দেওয়ার জন্যই অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়েছে। অন্যদিকে, রাজ্যের তরফে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলির গুরুত্বের কথা তুলে ধরে জামিনের বিরোধিতা করা হয়েছিল।

মঙ্গলবারের রায়ে হাই কোর্ট উল্লেখ করেছে, মিলন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হেফাজতে ছিলেন না এবং তার পর তাঁকে গ্রেফতার করা হয়। আদালত আরও উল্লেখ করেছে, মামলাগুলি প্রায় ১৯ বছরের পুরনো এবং সংশ্লিষ্ট ঘটনাগুলির তদন্ত সিবিআই করেছিল।

নন্দীগ্রামে উপনির্বাচন হবে ৬ অক্টোবর। নির্বাচনী প্রচার শেষ হবে ৪ অক্টোবর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.