হাওড়া: নবম নয়, আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণিতে উঠলেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেওয়া হবে। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরায় মধুসূদন পাল চৌধুরি হাইস্কুলে ‘সারথি’ প্রকল্পের সূচনা করে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে ‘সবুজসাথী’ নামে নবম শ্রেণির পড়ুয়াদের সাইকেল দেওয়া হত। জুলাই মাসেই প্রকল্পটির নাম বদলে ‘সারথি’ করার কথা ঘোষণা করা হয়েছিল।
মুখ্যমন্ত্রী জানান, নতুন শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণিতে ওঠা পড়ুয়ারাও এই প্রকল্পের আওতায় আসবে। পাশাপাশি, ‘সারথি’ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে রাজ্যে সাইকেল তৈরির কারখানা করতে আগ্রহী শিল্পগোষ্ঠী বা সংস্থাকে বিনামূল্যে জমি দেওয়ার কথাও জানান তিনি।
২০১৫ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ‘সবুজসাথী’ প্রকল্পের সূচনা হয়েছিল। প্রথম দিকে ছাত্রীদের সাইকেল দেওয়া হলেও পরে ছাত্রদেরও এই সুবিধার আওতায় আনা হয়। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়ারা নবম শ্রেণিতে উঠলে প্রকল্পের সুবিধা পেতেন। নতুন সরকার প্রকল্পটির নাম বদলে ‘সারথি’ করেছে।
ব্যাঁটরার স্কুলে সাইকেল বিতরণ অনুষ্ঠানে পূর্বতন সরকারের সমালোচনাও করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগে সাইকেলের যন্ত্রাংশ বাইরে থেকে এনে রাজ্যে সাইকেল তৈরির বরাত দেওয়া হত। সেই ব্যবস্থা বন্ধ করা হয়েছে বলে জানান তিনি।
এ দিন পড়ুয়াদের উদ্দেশে মোবাইল ফোনের ব্যবহার কমানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ছাত্রছাত্রীদের স্মার্ট ট্যাব দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্কুলকে ‘স্মার্ট স্কুল’ হিসেবে গড়ে তোলা হবে। স্কুলে এনসিসি চালুর কথাও জানান তিনি।
অনুষ্ঠান শেষে পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন মুখ্যমন্ত্রী। স্কুলের মিড-ডে মিলে তাঁর পাতে ছিল ভাত, ডাল, সয়াবিন-আলু-বড়ির তরকারি এবং টম্যাটোর চাটনি।