এশিয়ান গেমসে সোনার দৌড় অব্যাহত ভারতের। শনিবার পুরুষদের হকিতে মালয়েশিয়াকে ৫-১ গোলে হারিয়ে সোনা জিতল হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন ভারত। এই জয়ের সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের যোগ্যতাও নিশ্চিত করল ভারতীয় দল। একই দিনে কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইলে সোনা জিতলেন আমন সেহরাওয়াত। ফলে নাগোয়া এশিয়ান গেমসে ভারতের সোনার পদক সংখ্যা বেড়ে হল ২০টি।
এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম হকির দুই বিভাগেই সোনা জিতল ভারত। এর আগে মহিলা হকি দলও চিনকে হারিয়ে সোনা জিতেছিল।
শুরুতেই গোল, শেষ পর্যন্ত ৫-১
মালয়েশিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে ভারত। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। তবে বেশিক্ষণ সেই ব্যবধান ধরে রাখা যায়নি। ১৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে মালয়েশিয়ার সিলভারিয়াস শেলো গোল করে সমতা ফেরান।
প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয় কোয়ার্টারেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। ২৩ মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করেন যুগরাজ সিংহ। প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়ায় ভারত। একের পর এক পেনাল্টি কর্নার আদায় করলেও গোলের মুখ খুলতে পারছিলেন না হরমনপ্রীতরা। অবশেষে ৪২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান হার্দিক সিংহ।
ফাইনালে মোট ১৪টি পেনাল্টি কর্নার পেয়েছিল ভারত। তার মধ্যে তিনটি থেকে গোল আসে। মালয়েশিয়ার রক্ষণও একাধিকবার ভারতীয় আক্রমণ আটকে দেয়। তবে ৫৪ মিনিটে শিলানন্দ লাকরার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে ভারতের হাতে। শেষ পর্যন্ত ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ভারতের জয় নিশ্চিত করেন হরমনপ্রীত। ৫-১ ব্যবধানে জয় নিয়ে সোনা নিশ্চিত করে ভারত।
কুস্তিতে নাটকীয় জয় আমনের
পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতেও সোনা এল ভারতের ঘরে। ফাইনালে উত্তর কোরিয়ার হান চং সংকে ১১-৭ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন আমন সেহরাওয়াত। এশিয়ান গেমসে এই বিভাগে ভারতের প্রথম সোনা এটি।
শুরু থেকেই দাপট দেখান আমন। একসময় ৬-২ ব্যবধানে এগিয়ে যান তিনি। প্রতিপক্ষ কুস্তিগির ডান পায়ের হাঁটুতে চোট পেলেও লড়াই চালিয়ে যান। পরে আমনের রক্ষণে ফাঁক খুঁজে নিয়ে ৭-৬ ব্যবধানে এগিয়ে যান হান চং সং।
তবে শেষ পর্যন্ত হাল ছাড়েননি আমন। ম্যাচের শেষ মিনিটে প্রতিপক্ষকে বাগে এনে পর পর পয়েন্ট তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ১১-৭ ব্যবধানে জয় নিশ্চিত করে ভারতকে এনে দেন দিনের গুরুত্বপূর্ণ সোনা।
রুপো অন্তিমের, ৬০ বছর পর কুস্তিতে ব্রোঞ্জ
মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে অবশ্য হারতে হয়েছে অন্তিম পাঙ্ঘালকে। জাপানের মো কিয়োকার কাছে ৯-১ ব্যবধানে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
অন্য দিকে, পুরুষদের ৯৭ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছেন দীপক পুনিয়া। এশিয়ান গেমসে এই বিভাগে ৬০ বছর পর পদক পেল ভারত। ১৯৬৬ সালে বিশ্বনাথ সিংহ রুপো এবং ভীম সিংহ ব্রোঞ্জ জিতেছিলেন।
তিরন্দাজিতে কুমকুমের সোনা
শনিবার ভারতের হয়ে দিনের প্রথম সোনা আসে তিরন্দাজিতে। মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে চ্যাম্পিয়ন হন ১৭ বছরের কুমকুম মোহদ। এশিয়ান গেমসে এই ইভেন্টে সোনা জেতা প্রথম ভারতীয় তিরন্দাজ তিনি।
ফাইনালে দক্ষিণ কোরিয়ার ইয়েজিন ও-র বিরুদ্ধে শুরু থেকেই কঠিন লড়াই হয়। প্রথম সেটে ২-০ ব্যবধানে এগিয়ে যান ইয়েজিন। দ্বিতীয় সেট ১-১ ড্র হয়। তৃতীয় সেটে কুমকুম ২-০ ব্যবধানে জেতেন। চতুর্থ সেটে ফের এগিয়ে যান ইয়েজিন। ফলে পঞ্চম সেটের পর দু’জনেরই স্কোর দাঁড়ায় ৫।
এর পর সোনার ফয়সালা হয় শুট-অফে। সেখানে চাপের মুখে দুর্দান্ত শট মেরে বাজিমাত করেন কুমকুম। প্রথম তিরেই ১০ পয়েন্ট পান তিনি। ইয়েজিনের তির থামে ৮ পয়েন্টে। ফলে সোনা নিশ্চিত হয় ভারতের।
ছেলেদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন নীরজ চৌহান। তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে তিনি সতীর্থ ধীরজ বোম্মাদেভেরাকে ৬-৪ ব্যবধানে হারান। দুই ভারতীয় তিরন্দাজই সেমিফাইনালে পরাজিত হয়েছিলেন।