প্রত্যাশা মতোই এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটেও সোনা জিতল ভারত। শুক্রবার ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল শ্রেয়স আইয়ারের দল। প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেটে ২১১ রান তোলে। জবাবে পাকিস্তানের ইনিংস থামে ৬ উইকেটে ১৯২ রানে। এই জয়ের ফলে নাগোয়া এশিয়ান গেমসে ভারতের সোনার পদক সংখ্যা বেড়ে হল ১৯টি।
মহিলাদের ক্রিকেটে হরমনপ্রীত কৌরের হাত ধরে এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা এসেছিল। এবার ছেলেদের দলও সেই সাফল্যের পুনরাবৃত্তি করল। একই সঙ্গে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ মোট রানের নজিরও তৈরি হল এই ফাইনালে। দুই দল মিলিয়ে ৪০১ রান হয়েছে।
অভিষেকের ঝড়, তিলকের আগ্রাসী ব্যাটিং
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রেয়স। শুরুটা অবশ্য প্রত্যাশামতো হয়নি ভারতের। বৈভব সূর্যবংশী ৯ বলে ১৫ রান করে ফিরে যান। তবে অন্য ওপেনার অভিষেক শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। মাত্র ২৮ বলে ৬১ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৭টি ছক্কা।
এর পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সঞ্জু স্যামসন করেন ৩ রান। অধিনায়ক শ্রেয়স ২৪ বলে ২১ এবং ঈশান কিশন ১৮ বলে ২০ রান করে ফেরেন।
তবে শেষ দিকে তিলক বর্মা ও শিবম দুবের ব্যাটে বড় রান করে ভারত। শিবম ১৫ বলে ২৭ রান করেন। তিলক ছিলেন আরও বিধ্বংসী। মাত্র ২২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।
পাকিস্তানের হয়ে আরাফত মিনহাস ২৫ রানে ২টি এবং আহমেদ ড্যানিয়েল ৪৩ রানে ২টি উইকেট নেন।
নওয়াজের ৯৬-ও কাজে এল না
২১২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল পাকিস্তান। তবে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। অধিনায়ক সাহিবজ়াদা ফারহান ১১ বলে ১০ রান করে ফেরেন। মাজ় সাদাকত করেন ১৮ বলে ২৩ রান। উসমান খান করেন মাত্র ৩ রান।
৩৯ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর পাকিস্তানের ইনিংস সামলানোর চেষ্টা করেন হাসান নওয়াজ় ও সাইম আয়ুব। সাইম ২২ বলে ২৯ রান করে আউট হন। অন্য দিকে এক প্রান্ত আগলে রেখে ভারতীয় বোলারদের উপর পাল্টা চাপ তৈরি করেন নওয়াজ়।
শেষ পর্যন্ত ৫১ বলে ৯৬ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ৭টি ছক্কা। কিন্তু অন্য প্রান্তে প্রয়োজনীয় সঙ্গী না পাওয়ায় তাঁর লড়াই সফল হয়নি। পাকিস্তান থামে ১৯২ রানে।
ভারতের হয়ে অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট নেন। শিবম দুবের শিকার ২ উইকেট।
ম্যাচের আগে-পরে সৌজন্য বিনিময় হয়নি
ম্যাচের আগে টসের সময় শ্রেয়স ও ফারহান হাত মেলাননি। ম্যাচ শেষ হওয়ার পরও দুই দলের ক্রিকেটারদের মধ্যে সৌজন্য বিনিময় দেখা যায়নি।
ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া।
তিরন্দাজিতেও ব্রোঞ্জ
এ দিন ছেলেদের রিকার্ভ তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন নীরজ চৌহান। তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে তিনি সতীর্থ ধীরজ বোম্মাদেভেরাকে ৬-৪ ব্যবধানে হারান। দুই ভারতীয় তিরন্দাজই সেমিফাইনালে হেরে গিয়েছিলেন।