অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। কর্মরত অবস্থায় ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে কোনও অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকার আকস্মিক মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, চলতি বছরের ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সরকার পরিচালিত এবং বেসরকারি সংস্থা বা এনজিও পরিচালিত আইসিডিএস প্রকল্পের অধীনে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিবার এই সুবিধা পাবেন।
কারা পাবেন আর্থিক সাহায্য?
নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মী বা সহায়িকার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে আকস্মিক মৃত্যু হলেই তাঁর পরিবার এই আর্থিক সাহায্যের জন্য বিবেচিত হবে। অর্থাৎ, নির্দিষ্ট বয়সসীমার মধ্যে কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটলে তবেই এই সুবিধা পাওয়া যাবে।
কীভাবে আবেদন করতে হবে?
সরকারি নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মী বা সহায়িকার নাম এবং প্রয়োজনীয় নথিপত্র-সহ আবেদন সংক্রান্ত প্রস্তাব অতিরিক্ত জেলাশাসকের মাধ্যমে নবান্নে পাঠাতে হবে। প্রশাসনিক যাচাইয়ের পর আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
রাজ্যের এই সিদ্ধান্তে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিবার আকস্মিক বিপদের সময়ে আর্থিক সহায়তা পাবেন বলে মনে করা হচ্ছে।