রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে মেগা ব্লক নিতে চলেছে পূর্ব রেল। কল্যাণী ও কাঁচড়াপাড়া স্টেশনের মধ্যে ডাউন লাইন এবং ওভারহেড তারের কাজ হবে। সেই কারণে ৩১ অক্টোবর শনিবার রাত থেকে ১ নভেম্বর রবিবার সকাল পর্যন্ত বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় সাত ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। এই সময়ে কল্যাণী ও কাঁচড়াপাড়া স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এর জেরে আপ ও ডাউন মিলিয়ে প্রায় ২৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
শনিবার কোন কোন ট্রেন বাতিল?
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ অক্টোবর বাতিল থাকবে ৩১৬২৯, ৩১৬৩১ ও ৬৩১১১ আপ এবং ৩১৬৩২ ও ৩১৬৩৪ ডাউন শিয়ালদহ-রানাঘাট লোকাল।
এ ছাড়া বাতিল করা হয়েছে ৩১৫৩৯ ও ৩১৫৪১ আপ এবং ৩১৫৩৮ ও ৩১৫৪২ ডাউন শিয়ালদহ-শান্তিপুর লোকাল। চলবে না ৩১৮৪১ আপ ও ৩১৮৪৪ ডাউন কৃষ্ণনগর লোকাল। বাতিল থাকছে ৩১৯২৯ ও ৩১৯২৮ আপ-ডাউন শিয়ালদহ-গেদে লোকাল এবং ৩১১৯২ কল্যাণী সীমান্ত লোকাল।
শনিবারের জন্য বাতিল করা হয়েছে ৩৩৪৩১ আপ ও ৩৩৪৩২ ডাউন শিয়ালদহ-লালগোলা লোকাল এবং শিয়ালদহ-দত্তপুকুর লোকালও।
রবিবারও বাতিল একাধিক ট্রেন
১ নভেম্বর রবিবার বাতিল থাকবে ৩১১৯১ নৈহাটি-শিয়ালদহ সীমান্ত লোকাল। পাশাপাশি চলবে না ৩১৬১১ আপ ও ৩১৬১২ ডাউন শিয়ালদহ-রানাঘাট লোকাল। বাতিলের তালিকায় রয়েছে ৩১৫১১ আপ ও ৩১৫১২ ডাউন শিয়ালদহ-শান্তিপুর লোকাল, ৩১৮১১ আপ ও ৩১৮১২ ডাউন শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল এবং ৩১৯১১ আপ ও ৩১৯১২ ডাউন শিয়ালদহ-গেদে লোকাল।
কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত
শুধু ট্রেন বাতিল নয়, কয়েকটি ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। ৩১ অক্টোবর ৬৩১১০৬ ডাউন লালগোলা-শিয়ালদহ ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে রানাঘাট স্টেশনে যাত্রা শেষ করবে।
এ ছাড়া ৩১ অক্টোবর ৩১৩৪১ আপ এবং ১ নভেম্বর ৩১৩১১ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত ট্রেন দু’টি কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি স্টেশনে যাত্রা শেষ করবে। অন্যদিকে, ১ নভেম্বর ৩১৩১২ ও ৩১৩১৪ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি স্টেশন থেকেই যাত্রা শুরু করবে।
সপ্তাহান্তে যাতায়াতের আগে যাত্রীদের রেলের বিজ্ঞপ্তি দেখে ট্রেনের সময়সূচি ও পরিষেবা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।