প্রথম পাতা খবর কালীপুজোয় ভিড় সামলাতে দুর্গে পরিণত হচ্ছে বারাসত, যান চলাচলে একাধিক বিধিনিষেধ

কালীপুজোয় ভিড় সামলাতে দুর্গে পরিণত হচ্ছে বারাসত, যান চলাচলে একাধিক বিধিনিষেধ

9 views
A+A-
Reset

কালীপুজো ও দীপাবলিতে দর্শনার্থীদের ভিড় সামলাতে বড়সড় নিরাপত্তা পরিকল্পনা নিচ্ছে উত্তর ২৪ পরগনার বারাসত পুলিশ প্রশাসন। বারাসত ও নৈহাটির কালীপুজো দেখতে প্রতি বছরই দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় করেন। সেই ভিড় নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা এড়াতে এ বার বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। শুক্রবার এই নিয়ে জরুরি বৈঠক করেছে প্রশাসন।

এ বছর বারাসতে ১৯টি এবং মধ্যমগ্রামে ১০টি বড় বাজেটের কালীপুজো হচ্ছে। তালিকায় রয়েছে আমডাঙার মা করুণাময়ী কালীমন্দিরও। প্রতিটি পুজোর জন্য ইতিমধ্যেই নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। মণ্ডপ নির্মাণ ও ব্যারিকেডের দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।

যান চলাচলে একাধিক বিধিনিষেধ

পুজোর দিনগুলিতে যানজট ও ভিড় নিয়ন্ত্রণে একাধিক রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। কলকাতা থেকে দেগঙ্গাগামী গাড়িকে মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদু রোড ধরতে হবে। ডাকবাংলো মোড় থেকে ১২ নম্বর জাতীয় সড়ক এবং চাঁপাডালি থেকে টাকি রোডে চারচাকা গাড়ি চলাচল বন্ধ থাকবে।

জাতীয় সড়কে বাইক চলাচল করা যাবে ১১ নম্বর রেলগেট পর্যন্ত। টাকি রোডে বাইক পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে পূর্ব বারাসত স্কুল সংলগ্ন ফাঁকা জায়গা ও বামনমুড়ো মাঠে। সেখান থেকে দর্শনার্থীদের হেঁটে পুজোমণ্ডপে যেতে হবে। তবে যশোর রোডে যান চলাচল স্বাভাবিক থাকবে।

বাসের রুটেও পরিবর্তন

পুজোর সময় বাস চলাচলেও পরিবর্তন আনা হচ্ছে। তিতুমীর বাসস্ট্যান্ডের পরিবর্তে বারাকপুরগামী বাস ছাড়বে আরিফবাড়ি থেকে। জাগুলিয়াগামী বাস ছাড়বে আড়দেবক মোড় থেকে এবং কলকাতাগামী বাস চলবে রথতলা থেকে। এ ছাড়াও গেঞ্জিমিল ও বামনমুড়ো থেকে বাস চলাচলের ব্যবস্থা থাকবে।

নির্দিষ্ট দিনগুলিতে দুপুর ২টো থেকে ভারী যান চলাচল বন্ধ রাখা হবে। তবে পরিস্থিতি বুঝে এই নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে।

মণ্ডপে নিরাপত্তায় বিশেষ নির্দেশ

প্রতিটি পুজোমণ্ডপে পৃথক প্রবেশ ও বেরনোর পথ, বড় এক্সিট গেট এবং আপৎকালীন গেট রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ঝড়ের আশঙ্কা মাথায় রেখে ওভারহেড গেটের পরিবর্তে এল-আকৃতির (L-shape) গেট তৈরির পরামর্শ দিয়েছে পুলিশ। এতে ঝড়ের সময় ক্ষয়ক্ষতির আশঙ্কা কমবে বলে মনে করছে প্রশাসন।

মণ্ডপে আতঙ্ক ছড়াতে পারে, এমন কোনও ঘোষণা মাইকে করা যাবে না। প্রয়োজনীয় ঘোষণা করবেন শুধুমাত্র পুলিশ আধিকারিকেরা। কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর ভিড়ে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর এই বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।

অ্যাম্বুল্যান্স, চিকিৎসক ও রেসিডেন্ট পাসের ব্যবস্থা

বারাসতের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে অ্যাম্বুল্যান্স ও চিকিৎসক দল মোতায়েন থাকবে। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ রেসিডেন্ট পাসের ব্যবস্থাও রাখা হচ্ছে।

সব মিলিয়ে কালীপুজোর কয়েক দিন বারাসত ও আশপাশের এলাকায় ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল এবং নিরাপত্তা বজায় রাখতে একাধিক পদক্ষেপ করছে প্রশাসন। দর্শনার্থীদেরও পুলিশের নির্দেশ ও ট্রাফিক বিধি মেনে চলার অনুরোধ করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.