নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের ভিড় সামলানো এবং নিরাপত্তা নিশ্চিত করতে আগেভাগেই বিশেষ পুলিশি দল গঠন করল রাজ্য সরকার। আইজি ও ডিআইজি পদমর্যাদার ১২ জন আইপিএস আধিকারিককে মেলার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের অভিজ্ঞতার ভিত্তিতে মেলা এলাকা ও যাতায়াতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা তৈরি করা হবে।
পুলিশ সূত্রে খবর, দায়িত্বপ্রাপ্ত ১২ জন আধিকারিকই আগে বিভিন্ন সময়ে গঙ্গাসাগর মেলায় ভিড় ও নিরাপত্তা সামলেছেন। সেই অভিজ্ঞতার নিরিখেই তাঁদের বেছে নেওয়া হয়েছে। এই দলে থাকছেন ৯ জন ডিআইজি পদমর্যাদার আধিকারিক। তাঁদের নেতৃত্বে থাকছেন তিন আইজি—প্রবীণ ত্রিপাঠী, সুনীল চৌধুরী এবং অর্ণব ঘোষ।
মেলা এলাকার ব্যবস্থাপনাকে তিনটি জোনে ভাগ করা হয়েছে। কাকদ্বীপের লট ৮-এর দায়িত্বে থাকবেন সুনীল চৌধুরী। কচুবেড়িয়ার দায়িত্ব সামলাবেন প্রবীণ ত্রিপাঠী। আর মূল মেলা প্রাঙ্গণের দায়িত্বে থাকবেন অর্ণব ঘোষ।
এখন থেকেই মেলা ঘিরে পরিকল্পনা ও পুলিশি বন্দোবস্তের রূপরেখা তৈরি করা হবে। পুণ্যার্থীদের মেলায় পৌঁছনো থেকে শুরু করে বাড়ি ফেরা পর্যন্ত পুরো যাত্রা নির্বিঘ্ন রাখাই প্রশাসনের লক্ষ্য। পাশাপাশি, কোনও আপৎকালীন পরিস্থিতি যাতে দ্রুত ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করা যায়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের মেলায় পরিণত করার লক্ষ্য নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যেই আগেভাগে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এবার মেলায় বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর সময় পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার বিষয়টি প্রশাসনের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চোরবাগানের ঘটনার পর দুর্গাপুজো, কালীপুজো এবং চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ভিড় সামলাতে অভিজ্ঞ আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ দল গঠন করা হয়েছে।
গত অক্টোবরের শেষেই গঙ্গাসাগর সফর করেছিলেন মুখ্যমন্ত্রী। পুণ্যার্থীদের যাতায়াতের পথ, ঘাটের নিরাপত্তা, যান নিয়ন্ত্রণ এবং জরুরি পরিষেবার পরিকাঠামো নিয়ে তখন থেকেই তৎপরতা শুরু হয়।
এছাড়াও, গত নভেম্বরের মাঝামাঝি রাজ্যের মুখ্যসচিব জানিয়েছিলেন, এবার গঙ্গাসাগরে হেলিকপ্টার পরিষেবার পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কেদারনাথ ও বদরীনাথের মতো তীর্থক্ষেত্রে পুণ্যার্থীরা টাকা খরচ করে হেলিকপ্টারে যাতায়াত করেন। গঙ্গাসাগরেও সেই ধরনের ব্যবস্থা চালুর ভাবনা রয়েছে। সে জন্য ৮ থেকে ১০টি হেলিকপ্টার রাখার পরিকল্পনা করা হচ্ছে। টিকিট কেটে পুণ্যার্থীরা এই পরিষেবা নিতে পারবেন। প্রশাসনিক কাজের জন্যও হেলিকপ্টার থাকবে। পাশাপাশি জরুরি চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স রাখার পরিকল্পনাও রয়েছে।