আলোর শহর চন্দননগর এখন জগদ্ধাত্রীময়। প্রতি বছরের মতো এ বারও হৈমন্তীকার টানে দূরদূরান্ত থেকে মানুষের ঢল নেমেছে। ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীর পর নবমীতেও দর্শনার্থীদের বিপুল ভিড়ের সাক্ষী থাকল চন্দননগর। বুধবার সন্ধ্যা থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের লম্বা লাইন কার্যত জনস্রোতের চেহারা নেয়।
বিভিন্ন বারোয়ারি পুজো কমিটি নিজেদের মণ্ডপের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়েছে আলোকসজ্জা। রঙিন আলোর সেই বর্ণময় রূপ দেখতেই ভিড় জমাচ্ছেন মানুষ। নবমীর সন্ধ্যায় মানকুন্ডু স্টেশন রোড, তেমাথা, দৈবকপাড়া, নোনাটোলা, বারাসত গেট, দিনেমারডাঙা, মহাডাঙা, পালপাড়া ও ফটকগোড়া-সহ বিভিন্ন এলাকায় ছিল উপচে পড়া ভিড়। চন্দননগর ও মানকুন্ডু স্টেশনের রাস্তাতেও দর্শনার্থীদের ঢল নামে। গঙ্গাপারের ফেরিঘাটগুলিতেও দেখা যায় একই ছবি।
পুলিশের হিসাব অনুযায়ী, ষষ্ঠীতে প্রায় ১৮ লক্ষ দর্শনার্থী চন্দননগরে এসেছিলেন। সপ্তমীতে সেই সংখ্যা ছিল প্রায় ১২ লক্ষ এবং অষ্টমীতে প্রায় ১০ লক্ষ। পুলিশ সূত্রে খবর, নবমীতেও এখনও পর্যন্ত প্রায় ১২ লক্ষ মানুষ জগদ্ধাত্রী দর্শন করেছেন। ফলে পুজোর শেষ লগ্নেও ভিড়ের চাপ যথেষ্ট বেশি।
ষষ্ঠী ও সপ্তমীতে মানকুন্ডু স্টেশন রোড এলাকায় ভিড় সামাল দিতে সাময়িকভাবে কয়েকটি মণ্ডপে দর্শন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। প্রশাসনের বক্তব্য, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরবাগানের মতো কোনও দুর্ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই এই সতর্কতামূলক পদক্ষেপ।
চন্দননগরের জগদ্ধাত্রীপুজো সম্প্রতি ‘রাজ্য উৎসব’-এর স্বীকৃতি পেয়েছে। পুজো উপলক্ষে প্রায় তিন হাজার পুলিশকর্মী ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, চন্দননগর ও মানকুন্ডু স্টেশন রোডের যে সব মণ্ডপে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক বেশি, সেখানে অতিরিক্ত বাহিনী রাখা হয়েছে। নবমীর রাত যত গড়িয়েছে, ভিড়ও তত বেড়েছে। রবীন্দ্র ভবনের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।
চাউলপট্টি ‘আদি মা’ পুজো কমিটির সদস্য চন্দন ঘোষ বলেন, “এত বছর পুজোর সঙ্গে যুক্ত আছি, এত ভিড় এর আগে কখনও দেখিনি। কাতারে কাতারে মানুষ ঠাকুর দেখছেন। সুশৃঙ্খল ভাবে।” তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ‘আদি মা’র ভোগপ্রসাদ গ্রহণ করেছেন প্রায় ২০ হাজার মানুষ।