প্রথম পাতা খবর ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চলবে বৃষ্টি, জল জমা রুখতে তৎপর কলকাতা পুরসভা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চলবে বৃষ্টি, জল জমা রুখতে তৎপর কলকাতা পুরসভা

9 views
A+A-
Reset

কলকাতা: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে শহরের জনজীবন। সেই আশঙ্কায় আগাম প্রস্তুতি শুরু করেছে কলকাতা পুরসভা। সম্ভাব্য জল জমা ও অন্যান্য বিপর্যয় মোকাবিলায় পুরসভায় খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। নিকাশি থেকে সাফাই, রাস্তা থেকে বিদ্যুৎ—শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পরিষেবার উপর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সকাল থেকেই কলকাতায় ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা গিয়েছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কখনও ঝিরঝিরে, কখনও ভারী বৃষ্টিতে ব্যাহত হয়েছে জনজীবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় পুরীর দিকে যত এগোবে, দক্ষিণবঙ্গে দুর্যোগের মাত্রা তত বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে শহরের বেশ কিছু এলাকায় জল জমতে পারে বলে মনে করছে পুরসভা।

এই পরিস্থিতিতে রাস্তা, নিকাশি, সাফাই ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিশেষ বৈঠক ডাকা হয় কলকাতা পুরসভায়। যে সব এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে, সেখানে দ্রুত জল বের করার ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রয়োজনে ম্যানহোল খুলে নিকাশি সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিকাশি বিভাগের কর্মীদের ঘটনাস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নিকাশি নালা যাতে আবর্জনায় আটকে না যায়, সে জন্য সাফাই কর্মীদেরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা এড়াতে রাস্তায় নজরদারি চালাবেন বিদ্যুৎ দফতরের কর্মীরাও। পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভবানীপুর, শেক্সপিয়র সরণি, ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিট এবং ডালহৌসির সংলগ্ন এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে। এই এলাকাগুলিতে আগাম সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিচু এলাকা থেকে দ্রুত জল বের করতে ‘জেড সাকশন’ গাড়ি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

শুক্রবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে শহরের উপর ২৪ ঘণ্টা নজর রাখতে কন্ট্রোল রুম চালু করেছে কলকাতা পুরসভা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.