প্রথম পাতা খবর মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, শুনানি সোমবার

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, শুনানি সোমবার

10 views
A+A-
Reset

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে কলকাতা হাই কোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার রাজ্যের আবেদন শীর্ষ আদালতে ওঠে। দ্রুত শুনানির আর্জি জানানো হলেও তা গ্রহণ করেনি প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। আগামী ৫ অক্টোবর, সোমবার মামলাটির শুনানি হবে।

মিলন প্রধানের বিরুদ্ধে ২০০৭ সালের নন্দীগ্রাম জমি আন্দোলন-পর্বের একাধিক পুরনো মামলায় অভিযোগ রয়েছে। গত ২৯ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্ট তাঁকে ছ’টি মামলায় তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দেয়। নির্বাচনে লড়ার সুযোগ দেওয়ার জন্যই এই জামিন দেওয়া হয়েছে বলে আদালত জানিয়েছিল।

সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি দ্রুত শুনানির আবেদন করেন। রাজ্যের বক্তব্য, মিলন প্রধান গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত এবং নির্বাচনে প্রার্থী হওয়ার কারণেই তাঁকে বিশেষ সুবিধা দিয়ে জামিন দেওয়া হয়েছে। তবে প্রধান বিচারপতি জানান, ইতিমধ্যেই আদালতের তালিকায় একাধিক মামলা রয়েছে। ফলে তড়িঘড়ি শুনানি করা সম্ভব নয় এবং সোমবার মামলাটি শোনা হবে।

অন্য দিকে, রাজ্য সুপ্রিম কোর্টে যেতে পারে—এই আশঙ্কায় আগেই ক্যাভিয়েট দায়ের করেছিলেন মিলন প্রধান। ফলে তাঁর জামিনের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা শুনানির সময় কংগ্রেস প্রার্থীর পক্ষের বক্তব্যও আদালত শুনতে পারবে।

নন্দীগ্রামে উপনির্বাচন হওয়ার কথা ৬ অক্টোবর। তার ঠিক আগের দিন, ৫ অক্টোবর এই মামলার শুনানি নির্ধারিত হওয়ায় আইনি লড়াইটি নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পড়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.