প্রথম পাতা খবর বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ভোটের দুদিন আগে তালিকায় নাম উঠলেই ভোটের অধিকার

বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ভোটের দুদিন আগে তালিকায় নাম উঠলেই ভোটের অধিকার

9 views
A+A-
Reset

বিধানসভা ভোটের প্রাক্কালে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, ভোটের ঠিক দু’দিন আগে পর্যন্ত যদি ট্রাইবুনাল কোনও বিবেচনাধীন ভোটারের নাম ভোটার তালিকায় তোলার অনুমোদন দেয়, তবে সেই ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই নির্দেশে বহু বাদ পড়া ভোটারের জন্য বড় স্বস্তি মিলেছে।

রাজ্যে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। আদালত স্পষ্ট করেছে, প্রথম দফার ক্ষেত্রে ২১ এপ্রিল পর্যন্ত এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইবুনাল যদি নাম অন্তর্ভুক্তির অনুমতি দেয়, তবে সেই ভোটাররা ভোট দিতে পারবেন। তবে যাঁদের আবেদন খারিজ হবে, তাঁরা ভোট দিতে পারবেন না বলেই জানানো হয়েছে।

সাধারণ নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে বিশেষ ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের মতে, শুধু আবেদন করলেই হবে না—ট্রাইবুনালের মাধ্যমে আবেদন নিষ্পত্তি হয়ে অনুমোদন পেতে হবে।

উল্লেখ্য, রাজ্যে মোট ৬০ লক্ষেরও বেশি বিবেচনাধীন ভোটারের মধ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। আদালতের নির্দেশে তাঁরা এখন ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। এই আবেদন করার জন্য সশরীরে হাজিরা বাধ্যতামূলক নয়। ইসিআইনেট মোবাইল অ্যাপ, কমিশনের ওয়েবসাইট, এমনকি জেলা বা মহকুমা প্রশাসনের দফতর থেকেও আবেদন করা যাবে।

এসআইআর সংক্রান্ত আপিল ট্রাইবুনালে বর্তমানে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি বসে আবেদনকারীদের নথি যাচাই করছেন। নির্বাচন যত এগোচ্ছে, ততই এই নির্দেশ ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.