বাংলায় চালু হচ্ছে আমেরিকার ৯১১-এর আদলে জরুরি হেল্পলাইন নম্বর ১১২। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, বিপদের সময়ে ৫ মিনিটের মধ্যে পুলিশি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই পরিষেবা চালু করা হচ্ছে।
কলকাতা: রাজ্যে জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দিতে নতুন উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নের সভাঘরে পুলিশের একগুচ্ছ নতুন পরিষেবার উদ্বোধন করে তিনি জানান, আমেরিকার জরুরি পরিষেবা নম্বর ৯১১-এর আদলে পশ্চিমবঙ্গে চালু করা হচ্ছে ‘১১২’ জরুরি হেল্পলাইন। এই পরিষেবার মাধ্যমে বিপদের সময়ে সাধারণ মানুষের কাছে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, এর আগে তিনি রাজ্যের পুলিশ মহাপরিচালককে (ডিজিপি) ১১২ হেল্পলাইন চালু করার বিষয়ে নির্দেশ দিয়েছিলেন। তাঁর দাবি, গুজরাট, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যে এই ধরনের জরুরি পরিষেবা চালু রয়েছে, যেখানে ফোন করার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।
নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, “আমি দেখেছি, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে এই ধরনের হেল্পলাইন রয়েছে। সেখানে বিপদে পড়ে ফোন করলে ছয় মিনিটের মধ্যে পুলিশ পৌঁছে যায়। বাংলাতেও আমরা চেষ্টা করব, যাতে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ পৌঁছে যেতে পারে।”
তিনি জানান, প্রাথমিক পর্যায়ে এই পরিষেবার জন্য একটি বিশেষ যানবাহন মোতায়েন করা হবে। পাশাপাশি, প্রায় ১,৬০০ পুলিশকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে এই প্রকল্পে যুক্ত করা হবে। আগামী বাজেটে আরও দুটি যানবাহন যুক্ত করার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী।
এদিন নবান্নের অনুষ্ঠানে নারী নিরাপত্তা জোরদার করতে কলকাতা পুলিশে গঠিত ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’-এরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি, রাজ্যের প্রতিটি থানায় সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত পদক্ষেপের জন্য সাইবার হেল্প ডেস্ক চালুর ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক ও পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। অতীতের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আমরা নারী সুরক্ষা এবং সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি।”
রাজ্য সরকারের দাবি, আইনশৃঙ্খলা, নারী নিরাপত্তা এবং সাইবার অপরাধ মোকাবিলায় দ্রুত পদক্ষেপের লক্ষ্যে এই নতুন উদ্যোগগুলি কার্যকর ভূমিকা নেবে।