প্রথম পাতা খবর নম্বর প্লেট স্ক্যান করেই গাড়ির নথি যাচাই, মা উড়ালপুলে ডিজিটাল নজরদারির পাইলট প্রকল্প

নম্বর প্লেট স্ক্যান করেই গাড়ির নথি যাচাই, মা উড়ালপুলে ডিজিটাল নজরদারির পাইলট প্রকল্প

11 views
A+A-
Reset

শুধু ট্রাফিক আইন ভাঙা নয়, এবার গাড়ির জরুরি নথির বৈধতা যাচাইয়েও ডিজিটাল নজরদারির পথে কলকাতা ট্রাফিক পুলিশ। মা উড়ালপুলে পরীক্ষামূলকভাবে চালু হতে চলেছে এএনপিআর (Automatic Number Plate Recognition) ভিত্তিক নথি যাচাই ব্যবস্থা। এই প্রকল্পের জন্য কলকাতা পুলিশ ও ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC)-এর মধ্যে চুক্তি হয়েছে।

নতুন ব্যবস্থায় মা উড়ালপুল দিয়ে যাতায়াতকারী গাড়ির নম্বর প্লেট ক্যামেরায় স্ক্যান করা হবে। সেই নম্বরের সঙ্গে সরকারি তথ্যভান্ডারের রেকর্ড মিলিয়ে গাড়িটির প্রয়োজনীয় নথির বৈধতা যাচাই করা হবে।

নম্বর প্লেট স্ক্যানেই জানা যাবে নথির তথ্য

পুলিশের পরিকল্পনা অনুযায়ী, গাড়ির নম্বর প্লেট স্ক্যান হওয়ার পরই তার পলিউশন কন্ট্রোল সার্টিফিকেট (PUC) এবং ফিটনেস সার্টিফিকেট বৈধ রয়েছে কি না, তা জানা যাবে। কোনও নথির মেয়াদ পেরিয়ে গেলে এএনপিআর ব্যবস্থার মাধ্যমে তা চিহ্নিত করা সম্ভব হবে।

এর পর সংশ্লিষ্ট গাড়ির মালিকের কাছে অনলাইনে ই-চালান বা জরিমানার নোটিস পাঠানোর ব্যবস্থা থাকবে। ফলে নথিপত্র পরীক্ষা করার জন্য রাস্তায় গাড়ি থামিয়ে পুলিশের ম্যানুয়াল যাচাইয়ের প্রয়োজন অনেকটাই কমবে।

প্রাথমিকভাবে মা উড়ালপুলেই এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। এএনপিআর ক্যামেরা, সরকারি তথ্যের সঙ্গে রিয়েল টাইমে তথ্য মেলানো এবং অনলাইনে জরিমানার গোটা প্রক্রিয়া পাইলট প্রকল্পে পরীক্ষা করা হবে। ব্যবস্থা সফল হলে কলকাতার অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা ও উড়ালপুলেও এটি চালুর পরিকল্পনা রয়েছে ট্রাফিক পুলিশের।

বিকল গাড়ি সরাতে বাড়ল কাট-আউট

মা উড়ালপুলে গাড়ি বিকল হয়ে যানজট তৈরির সমস্যার মোকাবিলাতেও নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে উড়ালপুলে তিনটি কাট-আউট পয়েন্ট ছিল। এবার তা বাড়িয়ে ছয়টি করা হয়েছে।

কোনও গাড়ি আচমকা বিকল হলে সেটিকে মূল ট্র্যাফিক লেন থেকে দ্রুত সরিয়ে নেওয়ার কাজে এই কাট-আউটগুলি ব্যবহার করা হবে। ফলে বিকল গাড়ির কারণে দীর্ঘক্ষণ যানজট তৈরি হওয়ার সম্ভাবনা কমবে বলে মনে করছে ট্রাফিক পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.