বিজেপি সরকারের শপথের দিনই বিরোধী ঐক্যের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বাম, অতিবাম-সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে বিজেপির বিরুদ্ধে এক মঞ্চে আসার আহ্বান জানান। তাঁর বক্তব্য, “আমাদের প্রথম রাজনৈতিক শত্রু বিজেপি। তাই সবাইকে একজোট হতে হবে।”
একই দিনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই আবহেই কালীঘাটে নিজের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বিরোধী ঐক্যের ডাক দেন মমতা। তিনি বলেন, “এখন কে কোন দলে, সেটা ভাবার সময় নয়। বিজেপির বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সবাইকে এক হতে হবে।”
তৃণমূল নেত্রী জানান, যে কোনও রাজনৈতিক দল চাইলে তাঁর সঙ্গে সরাসরি কথা বলতে পারে। এমনকি প্রতিদিন বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত তিনি অফিসে থাকবেন বলেও জানান। তাঁর বক্তব্যে স্পষ্ট, জাতীয় স্তরেও বিরোধী শক্তিকে একত্রিত করার চেষ্টা শুরু করতে চাইছে তৃণমূল।
মমতার এই আহ্বানে প্রতিক্রিয়া দিয়েছেন মহম্মদ সেলিম। রবীন্দ্রনাথের লাইন উদ্ধৃত করে তিনি বলেন, “জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো।” রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যে একদিকে যেমন কটাক্ষ রয়েছে, তেমনই ভবিষ্যৎ সমীকরণের ইঙ্গিতও লুকিয়ে আছে।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে তৃণমূলের ঝুলিতে এসেছে ৮০টি আসন। বাম ও কংগ্রেসও সীমিত আসনে জয় পেয়েছে। ফল প্রকাশের পর থেকেই রাজ্যে বিরোধী রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।