বর্ষার বিদায় পর্ব শুরু হতেই বদল আসছে রাজ্যের আবহাওয়ায়। দক্ষিণা হাওয়ার পরিবর্তে উত্তর দিক থেকে শুকনো হাওয়া ঢুকতে শুরু করবে। এর জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা কমতে পারে। ফলে চামড়ায় হালকা টান এবং শুষ্ক বাতাসের অনুভূতি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে সেপ্টেম্বরের শেষ কয়েক দিন মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। তবে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে দিন যত এগোবে, বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি থাকতে পারে।
বঙ্গোপসাগরে নজর নতুন নিম্নচাপে
অন্যদিকে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ মায়ানমার উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সোমবার থেকে উত্তর আন্দামান সাগরে এর প্রভাব পড়তে পারে। এরপর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে যেতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ দিকে, বুধবার নাগাদ নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে পৌঁছতে পারে।
বিদায় নিচ্ছে বর্ষা
ইতিমধ্যেই দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। বর্ষার বিদায়রেখা বর্তমানে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে চণ্ডীগড়, মুজফফরনগর, আলিগড় ও উদয়পুর পর্যন্ত বিস্তৃত।
এদিকে বিহার থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যা ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত।
সব মিলিয়ে, সেপ্টেম্বরের বাকি দিনগুলিতে রাজ্যে বৃষ্টির দাপট কমই থাকবে বলে পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা না থাকায় রোদ ঝলমলে আবহাওয়াই উপভোগ করবে বাংলা।