সপ্তাহের শুরুতেই তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এল ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের সংগঠনগুলি। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) জানিয়েছে, আপাতত ধর্মঘট স্থগিত রাখা হয়েছে। ফলে ২৮ সেপ্টেম্বর সোমবার থেকে ৩০ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত ব্যাঙ্কের পরিষেবা স্বাভাবিক থাকার কথা।
রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (IBA)-এর সঙ্গে জরুরি বৈঠকে বসে UFBU। প্রায় রাত সাড়ে ৯টা নাগাদ শুরু হওয়া সেই বৈঠকে কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর UFBU জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ দাবির বিষয়ে IBA-এর কাছ থেকে নির্দিষ্ট আশ্বাস পাওয়া গিয়েছে। সেই কারণেই আপাতত ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাঙ্ক কর্মীদের অন্যতম প্রধান দাবি হল সপ্তাহে পাঁচ দিন কাজ এবং দু’দিন ছুটি চালু করা। বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। কর্মী সংগঠনগুলির দাবি, রবিবারের পাশাপাশি মাসের প্রতিটি শনিবারও ছুটি ঘোষণা করতে হবে।
এই দাবিটি খতিয়ে দেখতে IBA ও UFBU-এর প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি মাসের বাকি শনিবারগুলিতে ছুটি দেওয়ার সম্ভাবনা এবং তার বিকল্পগুলি নিয়ে আলোচনা করবে। একই সঙ্গে গ্রাহক এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের মতামতও বিবেচনা করা হবে।
শনিবার ছুটির পাশাপাশি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের পেনশন ও মহার্ঘ ভাতা সংক্রান্ত কয়েকটি দাবিও রয়েছে কর্মী সংগঠনগুলির। এছাড়া স্কেল ৪ এবং তার উপরের স্তরের আধিকারিকদের জন্য কর্মদক্ষতার ভিত্তিতে ইনসেন্টিভ বা পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ (PLI) চালুর দাবিও রয়েছে। UFBU জানিয়েছে, IBA-এর সঙ্গে এ বার PLI নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে।
২০২৪ সালের মার্চে ব্যাঙ্ক কর্মীদের বেতন সংক্রান্ত সমঝোতার সময়ও প্রতি শনিবার ছুটির বিষয়টি আলোচনায় এসেছিল। তবে এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি। ফলে দীর্ঘদিন ধরে এই দাবি নিয়ে কর্মী সংগঠনগুলির মধ্যে অসন্তোষ রয়েছে।
এ বার অবশ্য আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার সিদ্ধান্ত হয়েছে। UFBU ও IBA—দুই পক্ষই জানিয়েছে, কর্মীদের দাবি পূরণের পাশাপাশি ব্যাঙ্কের গ্রাহকদের স্বার্থও বিবেচনায় রাখতে হবে। সেই কারণে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছনোর চেষ্টা করা হবে।
তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ভবিষ্যতে ফের আন্দোলনের পথে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়নি ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। আপাতত অবশ্য ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের প্রস্তাবিত ধর্মঘট স্থগিত থাকায় ওই তিন দিন ব্যাঙ্ক পরিষেবা চালু থাকবে।